শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৪

সৌভিক দা'



অপেক্ষার পর্বগুলি ১, ২, ৩...

পর্ব - ০১

সব আলো নিভে গেলো। সবক'টা নদীপথ ঘুরে গেলো সমুদ্রের দিকে। সন্ধ্যার বন্ধুরা ঢুকে গেলো অন্ধকারের তুমুল ভেতরে। একজন দুইজন হলো, দুইজন তিনজন হলো। কেউ কেউ কোথায় কোথায় হারিয়ে গেল কে জানে। গাছপালাগুলো বড় হলো শিকড়ে বাকড়ে। কেউ মারা গেলো, কেউ নিরুদ্দেশ হলো, কেউ কেউ খবরের শিরোনাম হলো, কেউ কেউ নিঃশব্দে কিছুই হলো না। অথচ পাখিগুলো শুধু শুধু উড়ে গেলো। দিক বদলে চলে গেলো একটি বাস্তুসাপ কোনদিকে- ঠিক ঠাহর করা গেলো না। শুধু আমিই যেন স্থানুর মত, শীলাখন্ডের মত, একটি বিন্দুর মত বসে আছি অনাদিকাল। আমার যেন বয়েস বাড়ে না। আমি যেন এক প্রাচীন মঠের বৃদ্ধ ভিক্ষুর মত পাহারা দিচ্ছি এই জগত সংসারের। নাকি অপেক্ষা করছি কোনকিছুর। কে জানে !!


পর্ব - ০২

অপেক্ষায় থেকে থেকে পলেস্তারা খসে পড়েছে দেয়াল থেকে, শীতে খসে পড়েছে ইউক্যালিপ্টাস গাছের বাকল, সাঁপের খোলস, আকাশের গা থেকে তারার উপমারা।

অপেক্ষারা দীর্ঘ রজনী, অসুস্থ রাত্রির মত যন্ত্রণাকাতর। গুয়ানতানামো বে কারাগারে আটকে থাকা বন্দীর মত। আলোর অপেক্ষায় থেকে থেকে যাদের দুই চোখ অন্ধ হয়ে গেছে !!


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।