আমি পাগল হয়ে যাওয়ার আগে
আমি পাগল হয়ে যাওয়ার আগে করুন ছায়ায় সমস্ত ভুবন দেখবো
অগ্রিম নিম্নচাপে দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে গেলে আকাশ দেখবো
তোমার রক্ত - মাংসের শরীর ,স্পর্শহীন চুল সব ছেনেছেনে আমি নোংরা হবো
তোমাকে ছুঁয়ে ফেলার দায়ে পাগল হবো , তোমার হৃদপিণ্ড ছোঁব।
আমি পাগল হয়ে যাওয়ার আগে আমার রন্ধ্র-রক্ত দুষিত হবে ড্রেনের জলে
জন্ম - জনম নিমজ্জিত সংসার পাপে, আমি অপচ্ছায়া হবো
শৃঙ্খলিত শরীরে হবে বিচ্ছেদের সুষমবণ্টন - আমি ভোগে যাবো
শ্মশানঘাটে শারীরিক উৎসবে জন্ম নেবে পৃথিবীর সন্তান।
আমার বিশ্বাস তোমার চিবুক ছুঁয়ে মৃত্যুতে ঠেকেছে -
আমার নির্বিরোধ দিন অস্ত্র সভ্যতায় আমার দিনমান শূন্যতে দাড়িয়ে
আমার ভাষা ও বক্তব্য বীভৎস - করুন , আমি নির্বাক
যেন আমি আজকেই নতুন, আমার কোন মাতৃভাষা নেই
আমার অনিদ্রা মানে স্বপ্নহীনতা জীবননাশী একাকীত্ব
আমার স্বপ্ন কলঙ্কিত - নিয়ন্ত্রিত - কেউ আমাকে দেখায় আমি দেখি না
আমার জিভ কাঁটা - শরীর পক্ষাঘাতগ্রস্ত, বন্দী দুঃখের বলয়ে
আমি সুখে নেই। কেউ নেই সুখে , চারিদিকে ক্লান্তির শোক।
প্রাপ্য পাইনি বলে ভেবো না আমি পাগল হবো
এতদিন জীবনের কাছে জন্ম ভিক্ষা চেয়ে আমি ক্লান্ত
মৃত্যু পরাজয় ছুঁয়েছে ছিন্নভিন্ন আর কতটা জীবন?
টোকা দিলেই পরাজিত প্রেম কুমারীর যৌবন।
আমার চেতনাই আমার নিষিদ্ধ হাতিয়ার
আমার অসামাজিকতা আমার রোজকার ডাল-ভাত।
এমন অবেলায় সময়ের সাথে বাজি ধরা আমার সইবে না
আজকাল আমার একটা রোগ হয়েছে - ভাল্লাগেনা
ভাল্লাগেনা জীবন ও জনপদ - মানুষ কিংবা মানুষের ছায়া।
আমি পাগল হয়ে যাওয়ার আগে একবার মানুষ হবো
শূন্য পাকস্থলী ধারন করবে প্রতারনা এবং নির্মমতা
রক্ত-প্লাবনের সভ্যতায় আমি জড়িয়ে যাবো,
স্বাধীন হবো - ঘৃণা করবো মানুষের মানচিত্র, আমি ভালবাসবো
তীব্রতম বুনো উল্লাসে ছিঁড়ে খাবো তোমার শরীর
এভাবেই হয়তো তোমাকে পাওয়া যায় , তোমাকে পাবো
শরীরের মোহনায় - চুলের কাটায় কিংবা আপেক্ষিক ভালোবাসায়।
যখন অন্ধতাই জীবন - তখন আলোর দিশারীও অন্ধ
এমন সাংবাধানিক দুঃসময়ে আলো চাওয়ার অপরাধে
আমি অন্ধ হলাম। তোমাকে দেখার অধিকার হারালাম
সমস্যা নেই মাতৃজরায়ুও অন্ধ যেখানে আমি কুণ্ডুলি পাকিয়ে ছিলাম
একা ছিলাম , যত্নে ছিলাম - ভালো ছিলাম!
এখন কুণ্ডুলি পাকিয়ে ঘুমালে মনে হয় কুকুর হয়ে গেছি-
বেঁচে আছি অনাদরে - পঙ্গু পাঁজরায় জখম নিয়ে - কষ্টে আছি
তবুও ভাবি বেঁচে তো আছি! কিন্তু পরক্ষনেই
এই বেঁচে থাকা ভাল্লাগে না! তোমায় ছাড়া বেঁচে থাকা ভাল্লাগে না!
আমি বুঝে গেছি আমি পাগল হয়ে যাবো
আমি পাগল হয়ে যাওয়ার আগে সমস্ত নিউরন ধ্বংস করে দিবো
সেখানে থাকবে না তোমার কিংবা তোমাদের কোন ছায়া।
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।