শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৪

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত



তোমায় জানাবো

কতোটা বাস্তবতা দেখেছো
সময় নিয়ে এসো একদিন
শিখিয়ে দিব সাদা ভাতের ঘ্রাণ কতোটা মাতাল হয় ।

কতোটা অভিমান জমা রেখেছো
ঐ চাঁদ পোষা গালে ,
যে রাতে তারা জ্বলবে না সে রাতে এসো
জানাবো শূন্যতা কতোটা ভয়ংকর হতে পারে

প্রতিশোধ নিতে চাও
দাঁতে দাঁত লেগে গেছে রাগে ?
তবে তোমার জন্য সাজিয়ে রেখেছি বজ্রমুষ্টি
ঐ শাহবাগের মোড়ে শ্লোগানে স্রোতে মিটিয়ে নিও ঝাল
দেখবো কতোটা পারো ।

রাজবন্দীর সাথে আপোষ করতে তুমি শিখোনি ,
কিভাবে জানবে ক্ষমতার সিংহাসন আজ
তিন টাকার প্ল্যাস্টিক ;
তারা লোভ দেখিয়ে বিকোবে সম্ভ্রম
টেরও পাবে না কিরে জমছে মুখে
খেয়ে নিচ্ছে বেয়াড়া আলজিব ।
কথা দিচ্ছি দেখাবো ক্ষমতার দম্ভ
জিবহায় জিবহা চলুক ঘর্ষণ ।

তুমি কেবল কান্নার অনলে কবিতা শিখতে চাও
জানো তো, আগামীকাল থেকে কবি থাকবে জেলে
শার্টের হাতার বোতাম খুলে গেছে , সিলি করছি
আমাকে পরিপাটি আসামী সাঁজতে হবে ।
জেল গেটে দেখা করতে এসো
জানাবো জেলের প্রথম রাতের অভিজ্ঞতা ।

বেলায় বেলায় ভূত্বকে অনেক পলি জমেছে
কেবল স্মরণে রেখো
ঝেড়ে ফেলো না নিজের পরিচয় ।

তোমায় আমি সব শিখিয়ে দিব
জানবে নাগরিক গোলাম হবার কৌশল ,
সাদা ভাত চিনবে , জানবে শূন্যতা
চিনতে শিখবে থুতু ছিটানো প্রতিশোধ
ভাবতে শিখবে প্লাস্টিকের মহত্ত্ব
আর বুঝবে—জীবনকে ছেড়ে দিতে হয় ।
জীবন মাউস প্যাড নয়
জীবন ভোরের চন্দন গুড়ো


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।