মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০১৪

ওবায়েদ আকাশ


ওবায়েদ আকাশ কতৃক অনূদিত জাপানি প্রেমের কবিতা "এমন কাউকে ভালবাস যে তোমাকে বাসে না!"-পাণ্ডুলিপিটি বই আকারে প্রকাশিত হবে ২০১৪ ইং বর্ষের অমর একুশে গ্রন্থমেলায়। বইটির প্রকাশনায়ঃ জনান্তিক এবং প্রচ্ছদঃ শিবু কুমার শীল। বইটির সম্বন্ধে জানাতেই প্রকাশিতব্য পাণ্ডুলিপির মধ্যথেকে বেশ কয়েকটি কবিতা নিয়ে কার্তুজের এবারের রাউন্ড "পাণ্ডুলিপি সমাচার ২০১৪"

- এমন কাউকে ভালবাস যে তোমাকে বাসে না! -





হ্যাঁ, আমি প্রেমে পড়েছি
রোদ উঠবার আগে
তারা আমাকে নিয়ে বলাবলি করছিল

যদিও আমি প্রেমে পড়েছি
এর কিছু না জেনে বুঝেই

====- মিবু ন তাদামি




তুমি বলো, ‘আমি আসবো’
এবং তুমি আসো না
এখন তুমি বলছো, ‘আমি আসবো না’
সুতরাং তোমাকে প্রত্যাশা করছি নিশ্চিত

আমি কি শিখেছি
কী করে তোমাকে বুঝতে হয়?

====- লেডি ওতোমো ন সাকানয়ে




পাহাড়ের শূন্যতা জুড়ে
কচি বাঁশের পাতারা
বাতাসে মর্মর করে বাজছে

একটি মেয়ের ভাবনায়
ডুবে আছি আমি
যে এখানে নেই

====- কাকিনোমোতো ন হিতোমারো




প্রত্যেকে আমাকে বলে
আমার চুলগুলো ভীষণ দীর্ঘ
আমি প্রসঙ্গানত্মরে চলে যাই

সবশেষ যেমন দেখেছিলে তুমি
আর এলোমেলো করেছিলে
দুই হাত দিয়ে

====- লেডি সনো ন ওমি ইকুহা




যদিও তা আমি লুকিয়ে রেখেছি
আমার ভালবাসা প্রদর্শিত হচ্ছে
আমার চেহারায়

আর বেদনাদায়ক যে
সে আমাকে জানতে চাইছে

‘তুমি কি কিছু ভাবছ?’

====- তেইরা ন কানেমরি




অসুখী আমি
কী সব ঘটছে তা পরোয়া করি না
আমি নিশ্চিত তোমাকে দেখতে চাই

তাতে যদি এটাও বোঝায় যে
আমি হারিয়ে যাবো
নানিওয়া সাগরের জলে

====- প্রিন্স ফুজিওয়ারা ন মতোইয়োশি




এখন গোধূলিবেলায়
কী নিষ্ঠুর দেখাচ্ছে এই সড়কপথ
দাঁড়াও চন্দ্রোদয় অবধি

যেন দেখতে পাই
তোমার চলে যাওয়া

====- ওয়াকেমি




কমচি পাহাড়ে
প্রস্ফুটিত সবুজ পাতারা
যতড়্গণ না লাল হতে শুরু করে
আমি ভাবছি-
ঘুমাবো তোমার সাথে

এ ব্যাপারে কী ভাবছ তুমি?

====-নামহীন, ম্যান্যায়ুশু বা ‘হাজার কবিতার সংগ্রহ’ থেকে সংগৃহীত




ভালবাসার জন্য
আমরা কি অবস্থান করবো
এই ঘরে
যখন ইনামি প্রান্তরের ঘাসের ওপর
উষ্ণ হচ্ছে

চন্দ্রালোকিত রাত?

====-নামহীন, ম্যান্যায়ুশু বা ‘হাজার কবিতার সংগ্রহ’ থেকে সংগৃহীত


১০

তুমি আসো না এই
জ্যোৎস্নাহীন রাতে
আমি জেগে উঠেই তোমাকে খুঁজছি
আমার হৃদপিণ্ড- ওঠানামা করছে দ্রুত

আমার হৃদয় জ্বলে যাচ্ছে

====- ওনো ন কামাচি


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।