মেঘ অদিতি বিরচিত "ও অদৃশ্যতা হে অনিশ্চিতি"-পাণ্ডুলিপিটি বই আকারে প্রকাশিত হবে ২০১৪ ইং বর্ষের অমর একুশে গ্রন্থমেলায়। বইটির প্রকাশনায়ঃ সাম্প্রতিক এবং প্রচ্ছদঃ মেঘ অদিতি। বইটির সম্বন্ধে জানাতেই প্রকাশিতব্য পাণ্ডুলিপির মধ্যথেকে বেশ কয়েকটি কবিতা নিয়ে কার্তুজের এবারের রাউন্ড "পাণ্ডুলিপি সমাচার ২০১৪"
- ও অদৃশ্যতা হে অনিশ্চিতি -
কোলাজ
পড়ন্ত বিকেল দেখে অবাক মুহূর্ত ফুল
দাবার ছকের ঘরে সন্ধ্যা ঘনিয়ে এলে
রঙ থেকে মাথা তুলবে মাছরাঙা
ছবির গায়ে মাথা রেখে এই যে ঘুমিয়ে পড়ছ
জানলেও না..
একটা নদী জন্ম নিচ্ছে এখন তোমার শরীরে..
মেঘ জমেছে কিছু
জ্যোতির বদলে যত যতি চিহ্ন চাই
সেখানে ঠিকরে ওঠে জেল্লা তোমার
জ্বলে ওঠে সমস্ত নুর, আহ কোহিনুর..
এখন সপ্তর্ষিসীমা
ডুবতে চাওয়া সান্দ্র এই মেঘসন্ধ্যায়
ছোট হতে হতে আমাদের শরীর ক্রমে বালুকণা
মিশে যায় আধখানা পৃথিবীসমগ্রে
তবু গভীরে যত ধ্যানের বাদামি পালক ভাবি
তার চেয়ে দ্রুতগামি প্রতিটি শ্বাস
ঈশ্বরের বদলে নেয় তোমার নাম..
মেঘ জমেছে কিছু, বুঝি এই বপনের কাল !
মল্লার
কোথাও ভাঙ্গছে আকাশ
ঝড়ের মাঝে দুলে যাচ্ছে নদী
বিস্তারে জল অলকা-তিলক কাটছে জমিনের ভাঁজে
কবেকার এ শরীর, সেখানে আঁকছে কেউ টোটেম ছন্দে উলূপীর মুখ
জাগো মল্লার
তন্ত্রীতে বাজাও তুমি অর্চনার সুর
যা কিছু বিদিত তারও গভীরে
এইখানে আজ জেগেছে উষসী অনুভব...
শূন্যতা অসীম
যে ভুল দ্বিধাহীন স্পর্শ রেখে গেছে ঘুমে
ঘুমের পাশাপাশি মৃত্যু শুয়ে আছে কালো
বিরহ সঙ্গীত কখন সে ও গেছে থেমে
নিভৃতে মনোভার, দু’চোখে ভরা তবু আলো
শরীরে অবিরাম শীতল চুম্বন হেনে
আহতসংকেতে রেখেছে কারা যেন হাসি
প্রিয় সে ফিরে গেছে অসীম শূন্যতা এনে
অদূরে বেজে যায় তীক্ষ্ন হাহাকার বাঁশি
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।