মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০১৪

মুজিব মেহদী


মুজিব মেহদী বিরচিত "জঙ্গলের নিজস্ব শব্দাবলি"-পাণ্ডুলিপিটি বই আকারে প্রকাশিত হবে ২০১৪ ইং বর্ষের অমর একুশে গ্রন্থমেলায়। বইটির প্রকাশনায়ঃ ঐতিহ্য। বইটির সম্বন্ধে জানাতেই প্রকাশিতব্য পাণ্ডুলিপির মধ্যথেকে বেশ কয়েকটি কবিতা নিয়ে কার্তুজের এবারের রাউন্ড "পাণ্ডুলিপি সমাচার ২০১৪"

- জঙ্গলের নিজস্ব শব্দাবলি -



বেলা বারোটার কবিতা

এই পথ গেছে বিকেলের দিকে
অদূরেই চুলখোলা বিষণ্ন গোধূলি
ফেরিবাজ দুপুর এখানে
ডুগডুগি বাজিয়ে চলেছে অবিরাম

আমরা ফড়িং নিয়ে মেতে আছি
তার বিরল চাহনি নিয়ে
হীরাচুল উড়ছে বাতাসে

অসময়ে যৌনগন্ধ এসে
কাঁপাচ্ছে বিমর্ষ মনের জানালা


ফ্রোজেন প্লানেট

ডগ স্লেজ থেকে নেমে আলাস্কা লাফাচ্ছে
দূরে কোথাও সিল খুঁজছে মেরুভল্লুক
ভেসে উঠছে বরফ ফাটলে তিমিমাছের পিঠ

শাবকের জন্ম দিতে
কোটপরা ভদ্রলোক পেঙ্গুইনেরা বসন্তে যাত্রা করেছে স্থলের দিকে
পথে ডিনামাইটের শব্দে ফেটে যাচ্ছে বরফাস্তরণ
গ্রিনল্যান্ড থেকে ধেয়ে আসছে বিশাল হিমবাহ

তোমাদের ডুবোতরী, তাহাদের তেলকূপ
আমাদের সম্ভাবিত সলিলসমাধি

বুকের ওপর সাড়ে সাত কোটি টন বরফ আমার
ক্রমে গলে যাচ্ছে


উচ্চাঙ্গ শিশির

ভিজে যাচ্ছি উচ্চাঙ্গ শিশিরে, সরোদে-সেতারে

স্নানাশায় ভেসে আসি সুরের খেয়ায় আজ শুদ্ধ সরোবরে, ছায়ানটে-ইমনকল্যাণে-পুরিয়ায়

পুরিয়ায় পঞ্চম লাগালে হয় পুরিয়াকল্যাণ, তাতে ভেসে সমস্বরে ঘুরে আসি সোহিনীতে, ছোট খেয়ালের ছলে হংসধ্বনিতে

আজ দেখি নিজে আমি সুরভরা বাঁশি হয়ে গেছি এক গণ্ডুলা বাঁশের, পারো তো এবার তুমি আমাকে বাজাও এই প্রকাশ্য সভায়


পাহাড়ে মেঘলা ঋতু

সেটেলার
নীল রং বেশি দিয়ে আকাশ বানিয়ে সাথে রেখেছি পাহাড়
গাছেরা যেহেতু আছে বিনা প্রশ্নে থেকে গেল পাখিরাও দলে

অল্পস্বল্প গোধূলি স্প্রে করে মাত্র বসেছি দুজন
না-জানিয়ে অমনি অদূরে কিছু মেঘদল ঠেসে গেল

সে বলল, ছিপি খোলো, তীর ছুড়ে সেটেলার কালো মেঘ মারি

ভূমিগ্রাস
নো-ম্যান্স-ল্যান্ডে আশ্রিত জুমিয়ারা ভয়ে কাঁদতেও ভুলে গেছে

শূকরছানার ঘোঁতঘোঁত আওয়াজ শোনা যায়
আগুন ওদের দেহ পোড়াতে পারে নি

তাইন্দঙের আকাশে ভাসে সর্বনাশা অগ্নিবর্ণ মেঘ


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।