Was Reading
Was raining
রাস্তাগুলো তখন কালো কালো আয়না
যেখানে তোমার আমার কথাগুলো রিফ্লেকট হচ্ছিলো
আমরা হেঁটে যাচ্ছিলাম আমাদের নিজেদের ভিতর দিয়ে
যেতে যেতে তুমি হঠাৎ আয়নার একপাশ থেকে
তুলে নিলে নীল টিপ।
নীল বলতে কি বোঝায়?
নীল বলতে আকাশের ছায়া
নীল কালিতে লেখা চিঠি
নীল বলতে কোন এক ফুলের রং
কথা বলতে বলতে হঠাৎ
কথা খুঁজে না পাওয়া তোমার ফ্যাকাসে মুখ
নীল খুঁজতে খুঁজতে কীভাবে যেন চলে এলাম সবুজের ভেতর, সবুজের পাশে হলুদ কদম ফুল।
হলুদ বলতে কি বোঝায়?
হলুদ বলতে পুরনো বইয়ের পাতা
পুরনো স্মৃতি, রাতের স্মৃতি ভোলানো ঢাকা
পান্থপথ, স্বামীবাগ হলুদ বেতের সংসারী আসবাব
সরকারী ডাকে হারিয়ে যাওয়া হলুদ একটা খাম।
Was reading
পড়তে পড়তে খুঁজে নিচ্ছিলাম কোথায় তুমি, তুমি কতটুকু নীল, কতটুকু হলুদ আমি, কতখানি বিলীন, অক্ষর খুলতে খুলতে পড়তে পড়তে হিসেব মিলালাম কতদূর এসে ভাবলাম, কতদূর হোল হাঁটা।
৩০ জুন ২০১৩, মল চত্বর, ঢা.বি.
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।