আমার এতটুকু
আমাকে এক চিমটি নাও
তোমার আঙুলে
এক থোকা লবণ... এই আমাকে
নাও... নিয়ে মাখো... ভালোবাসার পাতে
উপহাসে নয়-অপমানে নয়... বিলাসিতায় নয়
চাহিদায়;
বেশি নয়... খুবই সামান্য ও পরিমিত
নাও... মাখো তোমার ভাতে
বেলি ফুলের শাদা ভাত
ঝরছে সারা রাত
আমার বুকে তার গন্ধ
‘ও হাঁড়ি উপচে পড়া বাস্প’ নিয়েই দেখো
তবু বেশি নয়, বেশি হলে ফুলেরা মারা যাবে...
নাও তোমার ক্ষুধায় এবং চাহিদায়
ঘাম ও অশ্রুতে সঞ্চিত
শাদা শাদা রেখা ছুঁয়ে, চিবুক ও পিঠে
আর চাবুকের নোনা স্বাদে
তার থেকে সবটুকু নয়, আমাকেও নয়
আমার এতটুকুকে!
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।