সোমবার, ১ জুলাই, ২০১৩

সিপাহী রেজা


মৃত্যু সংবাদ

পৃথিবীতে প্রতি মুহূর্তেই কেউ না কেউ মৃত্যুর সংবাদ বয়ে বেড়ায়
কোন বাবা তার ছেলের, মেয়েটা তার ভাইয়ের।
বাবা অথবা মায়ের খবরে, ছেলে আর পারে না!
সন্তানের মৃত্যু সংবাদটা মায়ের চিরদিনই অবিশ্বাস্য থেকে যায়।
আবার
স্বামী তার স্ত্রীর কিংবা স্ত্রী তার স্বামীর খবরে ঘন ঘন মূর্ছা যায়।

নিকট আত্মীয় কিংবা বহু বহু... দূরের কোন কেউ
পাড়া-মহল্লায় চেনা কোন মুখ কিংবা হঠাৎ পরিচয় হওয়া কেউ
অভিমানে রাগে ক্ষোভে দূরে থাকা মানুষটার সংবাদেও পোড়ায়!

হাসপাতালের বেডে প্রিয় মানুষটাকে বলে যাওয়া এমনো কিছু -
“ভালো থেকো, আমি আর পারলাম না!”
শব্দগুলোও দীর্ঘ দীর্ঘ দিন, অন্যজনের মনে.. বিঁধে বিঁধে যায়!

হাসপাতালের ভীড় সাইডে রেখে,
দিনশেষে আমিও আজ বন্ধুর সংবাদ নিয়ে বের হলাম, রাস্তায়।
বহুদূর
যতদূর চোখ যায় সমস্তটা জুড়ে মিউনিসিপ্যাল ল্যাম্পপোস্ট।
হলুদ আলোয় ভেসে যাওয়া পথে জ্বলছে সারি সারি নিয়ন।
তার মাঝে একটি ল্যাম্প, কেন যেন আজ আর জ্বলে উঠলো না...

২৭ জুন ২০১৩


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।