সোমবার, ১ এপ্রিল, ২০১৩

সজল সমুদ্র


চিত্রনাট্য ২০১৩ 

কোমর দুলিয়ে হাঁটছো তবু নও সিনেমার কেউ

দূরে দূরে গান বাজে, রেডিওতে সিনেমার বয়ান
লবণের বিজ্ঞাপন ছাপিয়ে একা একা ফেনা তোলে
হালাল সাবান

তবু তুমি অমনোযোগী শ্রোতাদের দলে
একই সুর, একই বিজ্ঞাপনে অনর্গল ওৎ পেতে কান-
নতুন মুখের খোঁজে হন্য যা, খুঁজে খুঁজে হও হয়রান!

সামনে পেছনে ভিড়, তোমারে না পেয়ে যুবকেরা
নির্দ্বিধায় চলে যাচ্ছে চার পাঁচ গলির পরে উঠতি ফার্মেসীতে
সন্ধ্যা হলে বিক্রি বাড়ে, তারা হাসিখুশি, মনভরে
দেশজ-ভেষজ জিডিপিতে রেখে যাচ্ছে স্ব-স্ব অবদান।

কোমর দুলিয়ে হাঁটছো, উঁচু হিলে, আঁটোসাঁটো পোশাকের মহিমায়
রেখা ফুটছে কোমল, টানটান; আর একটু গভীরে
হয়তো অচিরেই পথে ও পোস্টারে দেখতে পাবো-
ভিলেনের আকাঙ্ক্ষা পেরিয়ে তুমি পরানায়কের দিকে হেঁটে হেঁটে
ডেকে আনছো নায়কের প্রস্থান…



মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।