শোয়াইব ও মেহ্জাবীনকে –
অবাক লাগে...
এই ছাপ্পানো হাজার বর্গমাইলের দেশে, এই অসভ্য বর্বর নোংরা স্বদেশে
এই মৃত্যুপুরীতে, সাম্প্রদায়িক পরিবেশে- তোরা ভালই আছিস !!!
তোরা ভাল আছিস ~ যাবতীয় হত্যা-মৃত্যু-গুম অস্বীকার করে - যেভাবে কিছু ফুল তবুও ফোটে, পাখিরা ওড়াওড়ি করে, কিছু মানুষ বেঁচে থাকে স্বচ্ছল আগামীর সম্ভাবনা নিয়ে। এইভাবে ভাল থাকুক সমস্ত প্রাণ ও প্রাণের উপকরণ। ভাল থাকুক এই দেশ ও মাটি, পাহাড় ও বনবাসী, বিরাগী বাউল।
তোরা ভাল থাক্ যেভাবে ভাল থাকে শব্দহীন রাত, তারার উপমা। এইসব শত্রু-শত্রু খেলা, রাজনীতি, মুদ্রাস্ফীতি, ভঙ্গুর অর্থনীতি থেকে দূরে থেকে সহস্র মাইল, তারার কুটিরে, স্বমহিম আপন সংসারে। টোনাটুনি হয়ে বেঁচে থাক্ নিজেদের মত করে -
তোদের নিশ্ছিদ্র সুখ পাহারা দেবে কিছু সশস্ত্র তরুণ, সামরিক সাজোয়া যান টহল দেবে রাতভর, উত্তাল শ্লোগান, মিছিলে মিছিলে প্রকম্পিত রাজপথ পাহারা দেবে তোদের ও তোদের আগামী প্রজন্মের।
নির্ভাবনায় বেঁচে থাক্ প্রজাপতি ও গোলাপ। তোদের সুনীল সৌন্দর্য নিয়ে।
তোদের কোল আলো করে আসুক আগামী বাংলাদেশ !!
১৮ ফাল্গুন ১৪১৯
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।