শনিবার, ২ মার্চ, ২০১৩

প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়


সংহতি সমিতির সভা ভাঙার পর

আমরা সবাই জোট বেঁধে ফেললাম
ছোট ছোট গোল্লায়

সবারই হাত নেড়ে নেড়ে
কথা বলার থাকে
সব্বাই একে অপরের গর্হিত ইতিহাস
অনর্গল উগরে দেয়
একে অপরের দিকে তাকায়
মাথা ঝাঁকায়, হাসে
আর দূরে সরে যায়

শিশুশ্রমের বিরুদ্ধে আড়চোখে তাকিয়ে
অপুষ্টির সাথে কানামাছি খেলতে খেলতে
মেয়েটা হাঁফাচ্ছিলো আর
লাল প্লাস্টিকের চেয়ারগুলো
লম্বালম্বি গেঁথে রাখছিলো
একের ওপর এক

এর মধ্যে
মাইকঅলার ট্যাক্সি ভাড়া কে দেবে -
জনৈক অধ্যাপকের সাথে নন–বিখ্যাত প্রকাশকের
কাজিয়াটা ছিলো সবচেয়ে মুখরোচক

এ সবের পরোয়া না করেই
কয়েকজন হাততালি দিয়ে গাইছিলো -
হাতলভাঙা কাপের খ্যাতি নিয়ে
অতিক্রান্ত কবির সাথে সেঁটেছিলো
অল্পবয়সী তরুণীরাও

আর আমরা প্রতিশ্রুতি দিচ্ছিলাম
নিচ্ছিলাম -
আগামী পরশু একই জায়গায়
একই সময়ে
আরেকটি সমিতির ব্যানারের আচ্ছাদনে
সমবেত হওয়ার...



মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।