অন্ধকার, তোমাকে শিখেছি গভীর অন্ধকারে...
দোযখের সাপ
তোমার লোলুপ জিহ্বা পোড়ে
তপ্ত তেলে তারপিনে,
তোমার দ্বিধাখণ্ডিত ফল
হে দেবতা
হে পিশাচ
ভোজ্য তেলে সেদ্ধ হয়ে ওঠে
আলোহীন প্রভাহীন আগুনের আঁচে;
টেবিলে শোয়ানো পাখি
ছিঁড়ে দু' টুকরো করি
সে তোমার ভোজ
পাখির পালক, অন্ত্র, কোষ
তারপর
সোমরস ক্রমে নদী
ভুল ক্রমে জ্ঞান
তোমার লালায় মেশানো
বিষাক্ত ফুলের সুবাস
বিষাক্ত পরাগ, পাপড়ি ও মধু
তুমি আমাকেই দাও
আমিই সে সাপ
সেই ভ্রষ্ট সরীসৃপ
হে সাপ, বিদেহী ইবলিশ
আত্মা চিরে বের হয়ে আসা
সে কোন ময়ূর
তোমাকেই বিষথলি ভেবে
ঠোঁটে তুলে নেয়
কেবলি ময়ূর
কেবলি পেখম
বিষথলি পোড়ে
এই ধুলা-পবনের দেশ
কমলালেবুর বনে
কুসুমে-কণ্টকে বিষথলি সারাটা শরীর
সরীসৃপ, তবু তোমার অসম কুণ্ডয়ন
তবু নাগ, তবু হে পানোখ
তোমার সকল ছোবল গন্ধমে লীন
কুমারী-ময়ূর আসে
ঘন নীল ময়ূরী-কুমার
মেঘ ডাকে
মেঘে মেঘে বিষ-লালা
কুসুমে পরাগ
বিশালিনী দুয়ারে দুয়ারে ময়ূরের পাখা
কবন্ধ বিগ্রহে ফণা তোলা সাপ
আর কবে ফুরাবে এ-গান
বিষ বলে সাপ
সাপ বলে ময়ূর ময়ূর
ময়ূর সে সাপ
আমি সে ময়ূর...!!!
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।