কবিতা না থাকলে কবিতা লিখিয়েরা ধর্মযাজক হতেন।
কবিতা না থাকলে কবিতা-লিখিয়েরা কী হতেন তা নিয়ে আমি মাঝে মাঝে ভেবেছি। যতই ভেবেছি ততই অস্থির হয়েছি, ক্লান্ত হয়েছি। আমি দীর্ঘ সময় ভেবেই পাইনি কবিতা না থাকলে কী হতো ! কবিতা-লিখিয়েরা কি তবে ফেরিওয়ালা হতেন, অদক্ষ কেরানী হতেন, ভবঘুরে বা সন্ন্যাসী হতেন নাকি চুড়ি-ফিতা বা সবজি বিক্রি করতেন? আবার মাঝে মাঝে ভেবেছি, কবিতা না থাকলে হয়তো তারা রাজমিস্ত্রী বা দিন-মজুর হতেন, বা হয়তো ক্ষেতচাষ করতেন, সারাদিন পরিশ্রম করে মুরগির ঝোল দিয়ে নরম ভাত খেতেন। কবিতা না থাকলে কি তারা যুদ্ধে যেতেন? যেতেন হয়তো কেউ কেউ, কেউ কেউ হয়তো আশ্রয় নিতেন শরণার্থী শিবিরে। গান লিখতেন কি, অথবা গাইতেন?
আমার নিজের কাছে বিব্রত লেগেছে অনেকবার। কী করতেন তারা কবিতা না থাকলে, পরিপাটি সংসার করতেন? নিয়ম করে বাজারে যেতেন ফর্দ নিয়ে? হতে পারে কেউ হয়তো ডিঙি নৌকার মাঝি হতেন, জাল দিয়ে মাছ ধরতেন।
আমি কিছুই মেলাতে পারিনি, কিছুতেই না। একবার মনে হয়েছে পরিব্রাজক হতেন হয়তো। বা বাঁশিওয়ালা। স্কুল শিক্ষক হতেন না নিশ্চই, স্যুট টাই পরে অফিসও করতেন না। আমি নিশ্চিত, কবিতা না থাকলে আর যাই হোক অন্ততঃ তারা চাটুকার হতেন না, প্রতারক হতেন না। স্বপ্ন নির্মাণ করতেন হয়তো।
আমি নিশ্চিত, কবিতা না থাকলে কবিতা লিখিয়েরা ধর্মযাজক হতেন। বিচিত্র ধর্ম বিশ্বাসে প্রতিনিয়ত দীক্ষা নিতাম আমরা।
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।