শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৩

ইয়াসিন ফিদা হোসাইন


আজ আগুনের ছুটি

আজ আগুনের ছুটি। একা চাঁদ ডুবে গেছে। কোথাও জ্বলছেনা মাটির প্রদীপ।
পাখিরা যদিও গভীর ঘুমে, আগের মতোই। জোনাকিরাও কি ঘুমে ?
ওদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছেনা।

আজ আগুনের ছুটি। ক্লান্ত জলে শুধু আঁধারের ছায়া। ফনীমনসারা যেন বৃদ্ধ দার্শনিক।
সজারু কি নাক ডেকে ঘুমায় ! নাহলে কিসের শব্দ এত রাতে ?
মাতাল ভাল্লুকই বা কেনো ছেড়ে দিলো ধূমপান !

আজ আগুনের ছুটি। তুমি পা ঢেকে ঘুমাও, নাভিও। আমি জেগে থাকি।
একটা শীতার্ত বাইসনকে ঘুম পাড়াই। আর নির্ঘুম কাঁকড়াদের সাথে কথা বলি।
আজ রাশি রাশি অন্ধকার ঢুকতে দিওনা তোমার ভেতর !



মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।