বিতৃষ্ণা - ১
আমরা বিশ্বাসকরি-
সেটাই শ্রেষ্ঠ সমাজব্যবস্থা যেখানে সবকিছুকে একই এককে বিচার করা যায়।
বেয়াড়া মিডল ক্লাস অবশ্য পপুলেশন সায়েন্স আর গেম থিওরির
ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলোকে কাঁচকলা দেখিয়ে এখনো বাদাম খেতে খেতে প্রেম করে,
মুর্খ কায়কোবাদ আগুনে ঝলসে জীবন দেয় কোন এক শাহিনাকে বাঁচাতে গিয়ে।
তবে সে যাক গে- আমাদের স্ট্যান্ডার্ডগুলো কিন্তু ওয়েল ডিফাইনড!
কবিতার বই কাগজের ঠোঙার দামে বিকোবে- এটাই জাস্টিস।
ইমারতের আভিজাত্যের ছায়ায় বস্তির শিশুরা বড় হবে
মাসের খরচের সাথে মধ্যবিত্তের আয়ের টানাপোড়েনে
বিকেলের চা, দখিনা বাতাস আর পারিবারিক আড্ডার আসরগুলো ইতিহাস হবে।
রক্তের দাগের ওপর নতুন টাকার গালিচা পেতে সেটা ঢেকে দেওয়া হবে-
শ্রমিকের ছিন্ন-বিচ্ছিন্ন দেহের রক্ত
খুন হওয়া কিশোরের রক্ত
ধর্ষিতার আঁচলের রক্ত
আমাদের সমাজ ভাল আছে-
এখানে বনলতা সেনের দুপুরের ভাতের দাম জোগানো হয়
সাথে থাকে মেডিকেল অ্যালাওয়েন্স- অ্যাবরশনের খরচটা।
মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।